Loading...

Loading...
বইসমূহ
৪০৯ হাদিসসমূহ
মিনজাব ইবনুল হারিস আত তামীমী (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। কিন্তু তিনি সালাতে কিছু কম বা কিছু বেশী করে ফেললেন। হাদীসের বর্ণনাকারী ইব্রাহীম বলেছেনঃ (তিনি কম করলেন না বেশী করলেন) এ সন্দেহটা আমার নিজের। বলা হলো, হে আল্লাহর রসূল! সালাতে কি কিছু বাড়িয়ে দেয়া হয়েছে? এ কথা শুনে তিনি বললেন আমি তোমাদের মতো মানুষ বৈ আর কিছুই নই। আমারও তোমাদের মতো ভুল হয়। সুতরাং সালাতে তোমাদের কেউ কিছু ভুলে গেলে সে যেন বসেই দুটি সিজদা করে নেয়। এ কথার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরলেন এবং দু'টি সিজদা করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬১, ইসলামীক সেন্টার)
وحدثنا منجاب بن الحارث التميمي، اخبرنا ابن مسهر، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال صلى رسول الله صلى الله عليه وسلم فزاد او نقص - قال ابراهيم والوهم مني - فقيل يا رسول الله ازيد في الصلاة شىء فقال " انما انا بشر مثلكم انسى كما تنسون فاذا نسي احدكم فليسجد سجدتين وهو جالس " . ثم تحول رسول الله صلى الله عليه وسلم فسجد سجدتين
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ ও আবূ কুরায়ব, ইবনু নুমায়র (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সাহু সাজদার দু'টি সিজদা সালাম ফিরিয়ে কথা বলার পর করেছিলেন*। (ইসলামী ফাউন্ডেশন ১১৬২, ইসলামীক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قالا حدثنا ابو معاوية، ح قال وحدثنا ابن نمير، حدثنا حفص، وابو معاوية عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، ان النبي صلى الله عليه وسلم سجد سجدتى السهو بعد السلام والكلام
কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদিন) আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করলাম। (এ সালাতে) তিনি কিছু বেশী বা কম করলেন। (হাদীসের বর্ণনাকারী) ইবরাহীম বলেছেন, আল্লাহর শপথ, এ সন্দেহ (রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বেশী করলেন না, কম করলেন) আমার নিজের। তিনি (ইবরাহীম) বলেছেন, আমরা বললাম, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সালাতের ব্যাপারে কি নতুন কোন হুকুম অবতীর্ণ হয়েছে? তিনি বললেনঃ না। (নতুন কোন হুকুম অবতীর্ণ হয়নি)। তখন (সালাতে) তিনি যা করেছেন আমরা তাকে তা বললাম। তিনি বললেনঃ কোন ব্যক্তি যদি সালাতে কোন কিছু বেশী বা কম করে ফেলে তাহলে (সিজদা-ই সাহুর) দুটি সিজদা করবে। বর্ণনাকারী ইবরাহীম বলেন এর (এ কথা বলার) পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'টি সিজদা করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৩ ইসলামীক সেন্টার)
وحدثني القاسم بن زكرياء، حدثنا حسين بن علي الجعفي، عن زايدة، عن سليمان، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم فاما زاد او نقص - قال ابراهيم وايم الله ما جاء ذاك الا من قبلي - قال فقلنا يا رسول الله احدث في الصلاة شىء فقال " لا " . قال فقلنا له الذي صنع فقال " اذا زاد الرجل او نقص فليسجد سجدتين " . قال ثم سجد سجدتين
আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে দিবাভাগের দু’ওয়াক্ত সালাতের কোন এক ওয়াক্ত সালাতে অর্থাৎ- যুহর কিংবা আসরের সালাত আদায় করলেন। কিন্তু দু রাকাআত আদায় করার পরই সালাম ফিরালেন। এরপর তিনি রাগাম্বিত মনে মসজিদের কিবলার দিকে স্থাপিত এক বৃক্ষ শাখার উপর ভর দিয়ে দাঁড়ালেন। এ সময় সবার মাঝে আবূ বাকর ও উমারও ছিলেন। কিন্তু তারা উভয়েই (এ পরিস্থিতিতে) কথা বলতে সাহস পেল না। আর যাদের তাড়াতাড়ি করে যাওয়ার ছিল তারা এই বলে দ্রুত মাসজিদ থেকে বের হয়ে গেল যে, সালাত কমিয়ে দেয়া হয়েছে। অতঃপর যুল ইয়াদায়ন উপনামে পরিচিত জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! সালাত কি কম করে দেয়া হয়েছে- না আপনি ভুলে গিয়েছেন? এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন যুল ইয়াদায়ন যা বলছে তা কি ঠিক? সবাই জবাব দিলো, হ্যাঁ সে যা বলেছে সত্য বলেছে। আপনি তো সালাত দু' রাকাআত মাত্র আদায় করেছেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো দু' রাকাআত সালাত আদায় করে সালাম ফিরালেন। এরপর তাকবীর বলে সিজদা করলেন এবং তাকবীর বলে মাথা উঠালেন। এতটুকু বর্ণনা করার পর মুহাম্মাদ ইবনু সীরন বললেন, ইমরান ইবনু হুসায়ন সম্পর্কে আমাকে বলা হয়েছে যে তিনি বলেছেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৪, ইসলামীক সেন্টার)
حدثني عمرو الناقد، وزهير بن حرب، جميعا عن ابن عيينة، - قال عمرو حدثنا سفيان بن عيينة، - حدثنا ايوب، قال سمعت محمد بن سيرين، يقول سمعت ابا هريرة، يقول صلى بنا رسول الله صلى الله عليه وسلم احدى صلاتى العشي اما الظهر واما العصر فسلم في ركعتين ثم اتى جذعا في قبلة المسجد فاستند اليها مغضبا وفي القوم ابو بكر وعمر فهابا ان يتكلما وخرج سرعان الناس قصرت الصلاة فقام ذو اليدين فقال يا رسول الله اقصرت الصلاة ام نسيت فنظر النبي صلى الله عليه وسلم يمينا وشمالا فقال " ما يقول ذو اليدين " . قالوا صدق لم تصل الا ركعتين . فصلى ركعتين وسلم ثم كبر ثم سجد ثم كبر فرفع ثم كبر وسجد ثم كبر ورفع . قال واخبرت عن عمران بن حصين انه قال وسلم
আবূ রাবী' আয যাহরানী (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে দিবাভাগের দু ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত সালাত আদায় করলেন। এতটুকু বর্ণনা করার পর তিনি সুফইয়ান বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৫, ইসলামীক সেন্টার)
حدثنا ابو الربيع الزهراني، حدثنا حماد، حدثنا ايوب، عن محمد، عن ابي هريرة، قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم احدى صلاتى العشي . بمعنى حديث سفيان
কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘আসরের সালাত আদায় করালেন। কিন্তু দু' রাক’আত আদায় করার পর সালাম ফিরালেন। যুল ইয়াদায়ন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সালাত কি কমিয়ে দেয়া হয়েছে না আপনি ভুল করেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এসব কিছুই হয়নি (সালাত কমিয়ে দেয়া বা আমার ভুল করা) কিছুই হয়নি। এ কথা শুনে যুল ইয়াদায়ন বলল, হে আল্লাহর রসূল! কিছু একটা অবশ্যই হয়েছে। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে ঘুরে বললেনঃ যুল ইয়াদায়ন এর কথা কি ঠিক? সবাই বলল, হ্যাঁ হে আল্লাহর রসূল! তখন রসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অবশিষ্ট অংশ পূর্ণ করলেন এবং সালাম ফিরানোর পর বসে বসেই দুটি সিজদা (সাহু সিজদা) করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৬, ইসলামীক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، عن مالك بن انس، عن داود بن الحصين، عن ابي سفيان، مولى ابن ابي احمد انه قال سمعت ابا هريرة، يقول صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر فسلم في ركعتين فقام ذو اليدين فقال اقصرت الصلاة يا رسول الله ام نسيت فقال رسول الله صلى الله عليه وسلم " كل ذلك لم يكن " . فقال قد كان بعض ذلك يا رسول الله . فاقبل رسول الله صلى الله عليه وسلم على الناس فقال " اصدق ذو اليدين " . فقالوا نعم يا رسول الله . فاتم رسول الله صلى الله عليه وسلم ما بقي من الصلاة ثم سجد سجدتين وهو جالس بعد التسليم
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) .... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত দু' রাকাআত আদায় করে সালাম ফিরালেন। তখন বানী সুলায়ম গোত্রের জনৈক ব্যক্তি তার কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে না আপনি ভুল করলেন? এতটুকু বর্ণনা করার পর আবূ সালামাহ হাদীসটি পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ শেষ পর্যন্ত বর্ণনা করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৭, ইসলামীক সেন্টার)
وحدثني حجاج بن الشاعر، حدثنا هارون بن اسماعيل الخزاز، حدثنا علي، - وهو ابن المبارك - حدثنا يحيى، حدثنا ابو سلمة، حدثنا ابو هريرة، ان رسول الله صلى الله عليه وسلم صلى ركعتين من صلاة الظهر ثم سلم فاتاه رجل من بني سليم فقال يا رسول الله اقصرت الصلاة ام نسيت وساق الحديث
ইসহাক ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুহরের সালাত আদায় করেছিলাম। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'রাকাআত আদায় করেই সালাম ফিরালে বানী সুলায়ম গোত্রের জনৈক ব্যক্তি উঠে দাঁড়াল। এরপর তিনি (শায়বান) হাদীসটি শেষ পর্যন্ত বর্ণনা করলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৮, ইসলামীক সেন্টার)
وحدثني اسحاق بن منصور، اخبرنا عبيد الله بن موسى، عن شيبان، عن يحيى، عن ابي سلمة، عن ابي هريرة، قال بينا انا اصلي، مع النبي صلى الله عليه وسلم صلاة الظهر سلم رسول الله صلى الله عليه وسلم من الركعتين فقام رجل من بني سليم . واقتص الحديث
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত আদায় করতে তিন রাক’আত আদায় করার পর সালাম ফিরালেন। এরপর তিনি তার বাড়ীর মধ্যে চলে গেলেন। তখন দীর্ঘ হাত বিশিষ্ট খিরবাক নামক জনৈক ব্যক্তি তার কাছে গিয়ে বলল, হে আল্লাহর রসূল! এরপর সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন তা বর্ণনা করল। এ কথা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাগাম্বিত মনে চাদর হেঁচড়াতে হেঁচড়াতে আসলেন এবং লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেনঃ এ লোকটি কি ঠিক কথা বলছে? সবাই জবাব দিলো, হ্যাঁ সে ঠিক বলেছে। তখন তিনি আরো এক রাকাআত সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। এরপর দুটি সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরালেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৬৯, ইসলামীক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، وزهير بن حرب، جميعا عن ابن علية، - قال زهير حدثنا اسماعيل بن ابراهيم، - عن خالد، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، ان رسول الله صلى الله عليه وسلم صلى العصر فسلم في ثلاث ركعات ثم دخل منزله فقام اليه رجل يقال له الخرباق وكان في يديه طول فقال يا رسول الله . فذكر له صنيعه . وخرج غضبان يجر رداءه حتى انتهى الى الناس فقال " اصدق هذا " . قالوا نعم . فصلى ركعة ثم سلم ثم سجد سجدتين ثم سلم
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত আদায় করতে তিন রাক’আত আদায় করে সালাম ফিরালেন এবং নিজ কামরার মধ্যে প্রবেশ করলেন। তখন লম্বা দুটি হাত বিশিষ্ট এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? এ কথা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাগাম্বিত হয়ে বেরিয়ে আসলেন, অতঃপর যে এক রাকাআত সালাত তিনি ছেড়েছিলেন তা আদায় করে সালাম ফিরালেন। এরপর সাহুর দুটি সিজদা করলেন এবং আবার সালাম ফিরালেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭০, ইসলামীক সেন্টার)
وحدثنا اسحاق بن ابراهيم، اخبرنا عبد الوهاب الثقفي، حدثنا خالد، - وهو الحذاء - عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن الحصين، قال سلم رسول الله صلى الله عليه وسلم في ثلاث ركعات من العصر ثم قام فدخل الحجرة فقام رجل بسيط اليدين فقال اقصرت الصلاة يا رسول الله . فخرج مغضبا فصلى الركعة التي كان ترك ثم سلم ثم سجد سجدتى السهو ثم سلم
যুহায়র ইবনু হারব, উবায়দুল্লাহ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করতেন। এ সময় তিনি এমন সব সূরাহও তিলাওয়াত করতেন যাতে সাজদার আয়াত আছে। তখন তিনি সিজদা করতেন, আমরাও তার সাথে সিজদা করতাম। এমনকি (এ সময়) আমাদের মধ্যে তার কপাল স্থাপনের (সিজদা করার) জায়গাটুকু পর্যন্ত পেত না। (ইসলামী ফাউন্ডেশন ১১৭১, ইসলামীক সেন্টার)
حدثني زهير بن حرب، وعبيد الله بن سعيد، ومحمد بن المثنى، كلهم عن يحيى القطان، - قال زهير حدثنا يحيى بن سعيد، - عن عبيد الله، قال اخبرني نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم كان يقرا القران فيقرا سورة فيها سجدة فيسجد ونسجد معه حتى ما يجد بعضنا موضعا لمكان جبهته
আবূ বকর ইবনু আবূ শায়বাহ (রহঃ) .... 'আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজীদ তিলাওয়াত করলে যখন তিনি সাজদার আয়াত তিলাওয়াত করতেন তখন আমাদের সাথে নিয়ে সিজদা করতেন। এ সময় খুব ভিড় বা জটলা হত। এমনকি আমাদের অনেকেই (কপাল স্থাপন করে) সিজদা করার মতো জায়গাটুকু পর্যন্ত পেত না। আর এ অবস্থার সৃষ্টি হত সালাতের বাইরে। (ইসলামী ফাউন্ডেশন ১১৭২, ইসলামীক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال ربما قرا رسول الله صلى الله عليه وسلم القران فيمر بالسجدة فيسجد بنا حتى ازدحمنا عنده حتى ما يجد احدنا مكانا ليسجد فيه في غير صلاة
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সূরাহ ওয়ান নাজমি' পাঠ করে সিজদা (তিলাওয়াতের সিজদা) করলেন। তার সঙ্গে অন্য সকলেও সিজদা করল। শুধু এক বৃদ্ধ ব্যক্তি (সিজদা না করে) এক মুঠো কঙ্কর উঠিয়ে বললঃ আমার জন্য এটাই যথেষ্ট। হাদীসটির বর্ণনাকারী সাহাবী আবদুল্লাহ (ইবনু মাসউদ) বর্ণনা করেছেন যে, আমি ঐ বৃদ্ধ লোকটিকে পরে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৩, ইসলামীক সেন্টার)
حدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت الاسود، يحدث عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم انه قرا { والنجم} فسجد فيها وسجد من كان معه غير ان شيخا اخذ كفا من حصى او تراب فرفعه الى جبهته وقال يكفيني هذا . قال عبد الله لقد رايته بعد قتل كافرا
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতায়বাহ ইবনু সাঈদ ও ইবনু হুজুর (রহঃ) ..... আতা ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি একবার যায়দ ইবনু সাবিতকে সালাতে ইমামের পিছনে কিরাআত তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন জবাবে যায়দ ইবনু সাবিত বলেছিলেনঃ সালাতে ইমামের পিছনে কিরাআতের প্রয়োজন নেই। তিনি এ কথাও বলেছেন যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সূরাহ “ওয়ান নাজমি ইযা- হাওয়া-” তিলাওয়াত করলেন। কিন্তু (সূরাটি শুনার পরও) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন না। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৪, ইসলামীক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، ويحيى بن ايوب، وقتيبة بن سعيد، وابن، حجر قال يحيى بن يحيى اخبرنا وقال الاخرون، حدثنا اسماعيل، وهو ابن جعفر عن يزيد بن خصيفة، عن ابن قسيط، عن عطاء بن يسار، انه اخبره انه، سال زيد بن ثابت عن القراءة، مع الامام فقال لا قراءة مع الامام في شىء . وزعم انه قرا على رسول الله صلى الله عليه وسلم { والنجم اذا هوى} فلم يسجد
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ সালামাহ ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। (তিনি বলেছেন) আবূ হুরায়রাহ (রাযিঃ) তাদের সামনে “ইযাস সামা-উন্ন শাক্কাত" সূরাটি তিলাওয়াত করলেন এবং সিজদা করলেন। সিজদা শেষে তিনি তাদেরকে বললেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরাটি তিলাওয়াত করে সিজদা করেছিলেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৫, ইসলামীক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، قال قرات على مالك عن عبد الله بن يزيد، مولى الاسود بن سفيان عن ابي سلمة بن عبد الرحمن، ان ابا هريرة، قرا لهم { اذا السماء انشقت} فسجد فيها فلما انصرف اخبرهم ان رسول الله صلى الله عليه وسلم سجد فيها
ইবরাহীম ইবনু মূসা, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্ব বর্ণিত হাদীসটির অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৬, ইসলামীক সেন্টার)
وحدثني ابراهيم بن موسى، اخبرنا عيسى، عن الاوزاعي، ح قال وحدثنا محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن هشام، كلاهما عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم بمثله
আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও আমর আন নাক্কিদ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা "ইযাস সামা-উন্ন শাক্ক্বাত" এবং "ইক্রা বিস্মি রব্বিকা" এ দুটি সূরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সিজদা করেছি অর্থাৎ- এ দু'টি সূরাহ তিলাওয়াতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। আমরাও তার সাথে সিজদা করেছি। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৭, ইসলামীক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، وعمرو الناقد، قالا حدثنا سفيان بن عيينة، عن ايوب بن موسى، عن عطاء بن ميناء، عن ابي هريرة، قال سجدنا مع النبي صلى الله عليه وسلم في { اذا السماء انشقت} و { اقرا باسم ربك}
মুহাম্মাদ ইবনু রুমূহ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাহ “ইযাস সামা-উন্ন শাক্ক্ক্বাত" এবং "ইক্রা বিসমি রব্বিকা" পাঠকালে সিজদা করেছেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৮, ইসলামীক সেন্টার)
وحدثنا محمد بن رمح، اخبرنا الليث، عن يزيد بن ابي حبيب، عن صفوان بن سليم، عن عبد الرحمن الاعرج، مولى بني مخزوم عن ابي هريرة، انه قال سجد رسول الله صلى الله عليه وسلم في { اذا السماء انشقت} و { اقرا باسم ربك}
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) কর্তৃক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৯, ইসলামীক সেন্টার)
وحدثني حرملة بن يحيى، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، عن عبيد الله بن ابي جعفر، عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم مثله
উবায়দুল্লাহ ইবনু মু'আয আল আম্বারী ও মুহাম্মাদ ইবনু আবদুল আ'লা (রহঃ) ..... আবূ রাফি (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরায়রাহ (রাযিঃ) এর পিছনে ইশার সালাত আদায় করলাম। (এ সালাতে) তিনি সূরাহ "ইযাস সামা-উন্ন শাকক্বাত" পাঠ করে সিজদা (তিলাওয়াতের সিজদা) করলেন। (সালাত শেষে) আমি তাকে জিজ্ঞেস করলাম, কিসের জন্য এ সিজদা? তিনি বললেনঃ আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করা কালে এ সূরায় আমি সিজদা করেছি। সুতরাং তার সাথে মিলিত না হওয়া পর্যন্ত (আমৃত্যু) আমি এ সূরাহ তিলাওয়াত করে সিজদা করতে থাকব। অবশ্য হাদীস বর্ণনাকারী মুহাম্মদ ইবনু আবদুল আ'লা তারতম্য সহকারে কিছুটা বর্ণনা করে বলেছেনঃ আমি এ সিজদা পরিত্যাগ করব না। (ইসলামী ফাউন্ডেশন ১১৮০, ইসলামীক সেন্টার)
وحدثنا عبيد الله بن معاذ، ومحمد بن عبد الاعلى، قالا حدثنا المعتمر، عن ابيه، عن بكر، عن ابي رافع، قال صليت مع ابي هريرة صلاة العتمة فقرا { اذا السماء انشقت} فسجد فيها . فقلت له ما هذه السجدة فقال سجدت بها خلف ابي القاسم صلى الله عليه وسلم فلا ازال اسجد بها حتى القاه . وقال ابن عبد الاعلى فلا ازال اسجدها